ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে এক কর্মীর মৃত্যু

২৮ আগস্ট, ২০২৬

 

মাগুরার শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান (৪৫) নামে শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার তখলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাহফুজ খান উপজেলার সারঙ্গদিয়া গ্রামের আমজাদ খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তখলপুর গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের সময় হঠাৎ বিদ্যুতায়িত হয় মাহফুজ খান। শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিদ্যুৎ অফিসের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খুশি খাতুন তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান সুমন গাজী ও ইয়াছিন নামে দুই কর্মচারী আহত হয়েছেন। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।