টঙ্গীতে হেরোইন ও ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

২৮ আগস্ট, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদককারবারি মিজান ওরফে কুত্তা মিজানকে (৩৫) গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, টঙ্গীর শীর্ষ মাদককারবারি কুত্তা মিজান বিপুল পরিমাণ মাদকসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিশে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের পাশে অবস্থান করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

পরে তার দেহ তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন, ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫১০ টাকা, দুটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুল রহমান বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে মিজানকে আদালতে পাঠানো হয়েছে।