সাভারে জমি কিনবে ডাচ-বাংলা ব্যাংক

২৮ আগস্ট, ২০২৬

ঢাকার জেলার সভার এলাকায় জমি কিনবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক। ক্রয়কৃত জমিতে ডিইপিজেড ডেটা সেন্টার প্রকল্পের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত ৩১১তম সভায় এ সিদ্ধান্ত নেয়, ঢাকার সাভার থানার বাইপাইল মৌজায় ১৬ দশমিক ৬০ ডেসিমেল জমি কেনা হবে। জমিটির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। এর সঙ্গে যোগ হবে সরকারি নিবন্ধন ফি ও অন্যান্য প্রাসঙ্গিক খরচ।

চলমান ডিইপিজেড ডেটা সেন্টার প্রকল্পের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা এবং ভবিষ্যতে প্রকল্পটির সম্প্রসারণের লক্ষ্যে জমিটি কেনা হচ্ছে বলে জানায় ডাচ বাংলা ব্যাংক। তবে জমি কেনার এ সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

শেয়ারবাজারে ২০০১ সালে কার্যক্রম শুরু করে ডাচ-বাংলা ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১৫ কোটি ৩ লাখ টাকা।