২৯ আগস্ট, ২০২৬
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রুশ ড্রোন হামলার পর বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছে।স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো টেলিগ্রাম অ্যাপে জানান, হামলায় আরও ৪২ জন আহত হয়েছেন। এ ছাড়া বুচা জেলার হামলাস্থল থেকে ৩৮০ জনের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।
এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একটি গুদামে ড্রোন হামলার পর সেখানে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের অবকাঠামোর ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে আবাসিক ভবন এবং বয়স্কদের সেবাদানকারী একটি প্রতিষ্ঠানও রয়েছে।
এর আগে টানা দুই দিন কিয়েভ শহর ও আশপাশের এলাকায় ঘন ঘন ড্রোন হামলা চালানো হয়।এসব হামলায় গুদাম ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয়।