রাজবাড়ীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

৩০ আগস্ট, ২০২৬

রাজবাড়ীর পাংশা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন পৌর কর্তৃপক্ষ। শনিাবর বেলা সাড়ে ১১টা থেকে পৌরসভার সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। 

অভিযান শহরের টেম্পুস্ট্যান্ড এলাকা, রেলগেট থেকে সাব রেজিস্টার অফিসের সামনে গিয়ে শেষ হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. রিফাতুল হক  উচ্ছেদ অভিযানের নেতৃত্ব প্রদান করেন।

অভিযানে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
পাংশা পৌরসভার প্রশাসক মো. রিফতুল হক বলেন, উচ্ছেদ অভিযানের আগে বেশ কয়েকবার ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের সরে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। অনেকেই ফুটপাত ছেড়ে দিয়েছেন। অনেকেই বিষয়টির গুরুত্ব দেয়নি। এ কারণেই আমাদের অভিযান শুরু হয়েছে।

অভিযানের সময় পাংশা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, বাজার বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন, পাংশা বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসনে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খান উপস্থিত ছিলেন।