যশোরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

৩০ আগস্ট, ২০২৬

যশোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন এবং তাদের সন্তানদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার যশোর সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪ জন নারীকে সেলাই মেশিন, ৬ শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ৩৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৯ জনকে ৩ হাজার টাকা করে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১১ জনকে ৫ হাজার টাকা করে এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ৮ জনকে ৭ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। পাশাপাশি ১৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫টি ক্লাবকে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা, ক্রিকেট, হ্যান্ডবল, ফুটবল ও ভলিবলের সামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক। এতে নগর ও সদর উপজেলা বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নারী উদ্যোক্তাদের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ এবং ঢাবি ফোরাম যশোরের আয়োজনে দুঃস্থদের মাঝে চাল বিতরণ করেন।