মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বাবার

৩০ আগস্ট, ২০২৬

 

টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে আব্দুর রহিম ভূইয়া (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে শীলপাথর দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রবিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম ভূইয়া নিজ ঘরে বসে ভাত খাচ্ছিলেন।

এ সময় তার ছেলে মোস্তফা ভূইয়া (২০) বাবার কাছে টাকা চান। টাকা দিতে দেরি হওয়ায় মোস্তফা ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা শীলপাথর দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মোস্তফা মাদকাসক্ত।

কিছুদিন আগে তার বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে অমানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান।

নিহতের স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমা বলেন, মোস্তফা মানসিকভাবে ভারসাম্যহীন।

মাঝেমধ্যে তিনি বাড়িতে অসংলগ্ন আচরণ করতেন।

ইউপি সদস্য আব্দুল কদ্দুস বলেন, মোস্তফা মাদকাসক্ত। টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, হত্যার পর মোস্তফা ভূইয়া ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে তার ভাইকে আসামি করে থানায় মামলা করেছেন।

এদিকে ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ