৩১ আগস্ট, ২০২৬
ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশমিক ৮৫ কেজি বিদেশি স্বর্ণ জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। এ ঘটনায় পাঁচ বাংলাদেশি ট্রানজিট যাত্রীসহ একটি বেসরকারি বিমান সংস্থার এক গ্রাউন্ড স্টাফকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার পরিচালিত অভিযানে স্বর্ণগুলো জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা মুম্বাইকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য বলে অভিযোগ করা হয়েছে।
রবিবার কর্মকর্তারা জানান, ডিআরআইয়ের মুম্বাই আঞ্চলিক ইউনিট নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। অভিযানের অভ্যন্তরীণ নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন মিডনাইট গোল্ডস্ট্রাইক’।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিআরআই কর্মকর্তারা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তৃতীয় পক্ষের মাধ্যমে একটি বেসরকারি বিমান সংস্থায় নিয়োজিত এক গ্রাউন্ড স্টাফকে আটক করেন।পরে তার শরীরে তল্লাশি চালিয়ে মোমের মধ্যে লুকানো ২৪ ক্যারেট স্বর্ণের গুঁড়াসহ সাতটি ক্যাপসুল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ওই গ্রাউন্ড স্টাফ ট্রানজিট যাত্রীদের মাধ্যমে স্বর্ণ পাচার এবং বিমানবন্দর থেকে তা বাইরে বের করে নেওয়ার সঙ্গে অন্যদের জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে দাবি করেছে ডিআরআই।
এরপর কর্মকর্তারা চক্রটির আরও কয়েকজন সদস্যকে শনাক্ত করে আটক করেন। তাদের কাছ থেকে আরও নয়টি ক্যাপসুল উদ্ধার করা হয়।
ডিআরআই জানিয়েছে, চক্রটি মুম্বাইকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, থাইল্যান্ডের ব্যাংকক এবং মালদ্বীপের মালে থেকে যাতায়াতকারী যাত্রীদের মাধ্যমে স্বর্ণ পাচারের কার্যক্রম চালাত বলে অভিযোগ রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা স্বর্ণের মোট ওজন ৬ দশমিক ৮৫ কেজি এবং এর আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি রুপি।
এ ঘটনায় গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং স্বর্ণ পাচারের নেটওয়ার্ক কীভাবে পরিচালিত হচ্ছিল, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।