৩১ আগস্ট, ২০২৬
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের মা আয়েশা আক্তার। তবে রায় ঘোষণায় স্বস্তি পেলেও দণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। দ্রুত সব আইনি প্রক্রিয়া শেষ করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন আছিয়ার পরিবার ও স্থানীয়রা।
সোমবার (৩১ আগস্ট) হাইকোর্টের রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় আছিয়ার মা আয়েশা আক্তার বলেন, মেয়ের হত্যার ঘটনায় আদালত ফাঁসির রায় দেওয়ায় তিনি খুশি। তবে সেই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তার মনে পূর্ণ স্বস্তি ফিরবে না।
তিনি বলেন, ‘আছিয়ার মামলায় হাইকোর্ট থেকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এতে আমি খুশি হয়েছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই রায় কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ সন্তুষ্ট নই। আমি চাই, দ্রুত ফাঁসির রায় কার্যকর করা হোক।’
হাইকোর্টের রায়ে সন্তোষ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের মতে, শিশু আছিয়াকে নির্মমভাবে হত্যার ঘটনায় দেওয়া এই দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকর হলে তা সমাজে অপরাধীদের জন্য কঠোর বার্তা দেবে।
স্থানীয় বাসিন্দা জগদিশ অদবকারী বলেন, ‘এই রায়ে আমরা খুশি। তবে আমাদের দাবি, আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত যেন রায় কার্যকর করা হয়। তাহলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার আগে অপরাধীরা ভয় পাবে।’
আছিয়ার স্বজন আকলীমা খাতুন বলেন, ‘আমরা চাই দ্রুত রায় কার্যকর করা হোক। রায় কার্যকর হতে দেরি হলে অপরাধীরা আরও উৎসাহিত হতে পারে। আমরা চাই, এই অপরাধের কোনো ক্ষমা না হোক।’
পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দেরও আশঙ্কা, দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরে দীর্ঘসূত্রতা তৈরি হলে সমাজে অপরাধীরা ভুল বার্তা পেতে পারে। তাই সব ধরনের আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে দণ্ড কার্যকরের দাবি তাদের।
হাইকোর্টের রায়ে নিহত আছিয়ার পরিবারে কিছুটা স্বস্তি ফিরলেও তাদের অপেক্ষা এখন রায় বাস্তবায়নের। পরিবারের প্রত্যাশা, দীর্ঘ আইনি প্রক্রিয়ায় না গিয়ে দ্রুততম সময়ের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।