মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

০১ সেপ্টেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ কমর উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার শিলই ইউনিয়নের মৃধা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কমর উদ্দিন মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের মধ্যকান্দি এলাকার সাইফুল বেপারীর ছেলে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি বিশেষ দল শিলই ইউনিয়নের মৃধা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় কমর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি শর্টগানের কার্তুজের খোসা, একটি অ্যাঙ্গেল কাটিং মেশিন ও একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, উদ্ধার করা সরঞ্জামগুলো দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।