বিআরটিএ উত্তরা কার্যালয়ে অভিযান, ৩ দালালের কারাদণ্ড

০১ সেপ্টেম্বর, ২০২৬

সেবাগ্রহীতাদের হয়রানি ও দালাল চক্রের তৎপরতা বন্ধে বিআরটিএ’র ঢাকা মেট্রো সার্কেল-৩ (উত্তরা) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ভ্রাম্যমাণ আদালত-৩ এর বিচারক মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে তিনজন দালালকে আটক করা হয়। পরে তারা ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত একজনকে এক মাস এবং অপর দুইজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-কামরুল হাসান, মো. রাকিব আজীজ ও মো. শাহীন।

বিআরটিএ জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র বিআরটিএতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রতারণা করে আসছিল। এ বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, এই প্রতারক চক্রের বিরুদ্ধে আমাদের কাছে অসংখ্য অভিযোগ ছিল। তারা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে টাকা-পয়সা ও কাগজপত্র নিয়ে পালিয়ে যেত। গ্রাহকদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।