প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

০১ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা জেলা জাসাস আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জনমনে ভয়ভীতি, আতঙ্ক সৃষ্টি, ক্ষমতার অপব্যবহার, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে।  

রোববার পাবনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপি নেতারা পরাগের বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

এর আগে তার (পরাগের) বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়ে দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত অভিযোগ দেন পাবনা জেলা বিএনপির শীর্ষ সাত নেতা। 

সোমবার সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের পক্ষে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আবু ওবায়দা শেখ তুহিন, মাহমুদুন্নবী স্বপন, মোসাব্বির হোসেন সঞ্জু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম মুসা, সদস্য সচিব রেহানুল ইসলাম বুলালসহ জেলা বিএনপি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান প্রিন্সসহ অনেক নেতাকর্মী। এ বিষয়ে দলের হাইকমান্ড এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়।   

এর আগে ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে পাঠানো অভিযোগে উলে­খ করা হয়, খালেদ হোসেন পরাগ নিজের পদের প্রভাব খাটিয়ে স্থানীয় ব্যবসায়ী মহল থেকে চাঁদাবাজি, নিরীহ মানুষকে মামলার ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি সংস্থা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছেন। একই সঙ্গে সরকারি চাকরি দেওয়া ও সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে অর্থ আদায় (ঘুস গ্রহণ) এবং সরকারি কর্মকর্তাদের ওপর অনৈতিক চাপ সৃষ্টি করছেন। এসব অপকর্মের পর্যাপ্ত তথ্য-প্রমাণ অভিযোগকারী নেতাদের কাছে রয়েছে বলে চিঠিতে উলে­খ করা হয়। এই অভিযোগের ফটোকপি সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়। 

এ বিষয়ে খালেদ হোসেন পরাগ যুগান্তরকে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট। স্বার্থান্বেষী মহলের ইঙ্গিতে আমাকে হেয় প্রতিপন্ন করতে এসব অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনকারীরা আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেনি।