মাঝনদীতে ফেরির ধাক্কায় ট্রলারডুবি, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০ যাত্রী

০২ সেপ্টেম্বর, ২০২৬

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ১০টার দিকে জেলখানা ঘাট থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেনেরবাজারের দিকে রওনা হয়। বিপরীত দিক থেকে ফেরি খুলনার দিকে আসতে থাকে।

মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়।

এসময় চলন্ত ফেরি বন্ধ করে দেন চালক। ধাক্কায় ট্রলারটি ডুবে গেলেও কারো কোনো ক্ষতি হয়নি। যাত্রীদের উদ্ধারে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে ঘটনাস্থলে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ট্রলারে ৩০-৩৫ জন যাত্রী ছিল।

মাঝনদীতে ফেরির সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। এরপর যাত্রীরা নদীতে পড়ে যায়। স্থানীয় মাঝিরা বিষয়টি টের পেয়ে ট্রলার নিয়ে মানুষ উদ্ধারে ছুটে যান। তবে কারো কোনো ক্ষতি হয়নি।

রূপসা নৌফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই।

আমাদের সঙ্গে উদ্ধার কর্মকাণ্ডে যোগ দেন ফায়ার সার্ভিসের সদস্যরা।