০৩ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করে প্রায় ৪৬ কোটি টাকার সংগ্রহ করবে। এই শেয়ার ইস্যু করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডেসকো কে সম্মতি দিয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসি গত ৩১ আগস্ট ডেসকো কে প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে সম্মতি দিয়েছে। সেই অনুযায়ী, ডেসকোর প্রতিটি ১০ টাকা মূল্যের ৪ কোটি ৫৯ লাখ ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এতে মোট ৪৫ কোটি ৯০ লাখ টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। ইস্যু করা এসব শেয়ার বাংলাদেশ সরকারের অনুকূলে বরাদ্দ দেওয়া হবে। সরকারের পক্ষে শেয়ারগুলোর প্রতিনিধিত্ব করবেন বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব। সরকারের ইক্যুইটির বিপরীতে এসব প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো।
শেয়ারবাজারে ডেসকো ২০০৬ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।