০৩ সেপ্টেম্বর, ২০২৬
জামালপুরে রাজীব পরিবহনের দুটি বাস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে জামালপুরে দুটি বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
জানা গেছে, গত ৩১ আগস্ট রাত ৭টার দিকে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি অটোরিকশার ওপর উল্টে পড়লে চারজন নিহত হন। এ দুর্ঘটনার প্রতিবাদে এবং রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার নান্দিনা এলাকায় স্থানীয় লোকজন মানববন্ধন করে।
পরে সেখানে রাজীব পরিবহনের দুটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই রাতেই বাস মালিক সমিতির পক্ষ থেকে মামলা করা হয়।
বাস শ্রমিকদের অভিযোগ, বাস ভাঙচুরের পাশাপাশি চালকদের মারধর করা হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, চালকদের মারধর ও বাস ভাঙচুরের ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় আছি। এ কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।