হাতিয়ায় ৪০ কেজি ওজনের জবাইকৃত হরিণ উদ্ধার

০৩ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে আনুমানিক ৪০ কেজি ওজনের একটি জবাইকৃত হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হাতিয়া উপজেলার চর আতাউর সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বন্যপ্রাণী শিকার ও হরিণের মাংস বিক্রির খবর পেয়ে চর আতাউর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু মাংস ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪০ কেজি ওজনের একটি জবাইকৃত হরিণ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা জবাইকৃত হরিণটি পরবর্তীতে হাতিয়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।