ডাকসুর স্মারকগ্রন্থে মুনীর চৌধুরীর বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার

০৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে প্রকাশিত ‘অধ্যাপক মুনীর চৌধুরীর বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শহিদ অধ্যাপক মুনীর চৌধুরীর চিন্তা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই গ্রন্থটি প্রকাশ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ডাকসুর সভাকক্ষে স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সম্পাদনায় গ্রন্থটি প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও গ্রন্থটির সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, “শহিদ বুদ্ধিজীবী দিবস মেধা, প্রজ্ঞা ও শ্রেষ্ঠ সন্তানদের হারানোর গভীর বেদনার দিন। একইসঙ্গে, এটি তাদের আদর্শ ধারণ করার শপথের দিন। তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে একটি মুক্ত, স্বাধীন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করতে হবে।

তিনি বলেন, “শহিদ অধ্যাপক মুনীর চৌধুরী কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব নন, তিনি মুক্তচিন্তা ও প্রগতির আলোকবর্তিকা হিসেবে আমাদের বুদ্ধিবৃত্তিক পথ দেখিয়েছেন। তার চেতনাকে ধারণ করে প্রকাশিত এ স্মারকগ্রন্থ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়বোধে উজ্জীবিত করবে।”

মুসাদ্দিক আলী আরো বলেন, “অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি শিক্ষা ও গবেষণার মুক্ত পরিবেশ গড়ে তুলতে ডাকসু অঙ্গীকারবদ্ধ।”

বাজেট-সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, “সীমাবদ্ধতা সত্ত্বেও বিভিন্নভাবে প্রয়োজনীয় অর্থ সংস্থান করে ডাকসুর কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আরো প্রায় ২০টি বই প্রকাশের জন্য প্রস্তুত রয়েছে, যা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।”

স্মারকগ্রন্থটির সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন সাবিকুন্নাহার তামান্না, আফসানা আক্তার, রিয়াদুল ইসলাম যুবা, রিজওয়ান য্যুবরান মানসূরী, সায়মুম ফেরদৌস, আসফাকউল্লাহ আসিফ ও সুহাইল মাহদীন।

রিয়াদুল ইসলাম যুবার সঞ্চালনায় অনুষ্ঠানে ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দিন (খান জসিম), কার্যনির্বাহী সদস্য শাহীনুর রহমান, শহিদুল্লাহ হল সংসদের জিএস তৌকির হাসান, জসিমউদদীন হল সংসদের এজিএস হিজবুল্লাহ হিজুলসহ ডাকসু, হল সংসদ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।