০৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন নাগরিকদের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য নির্ধারিত সার্ভিস চার্জ পরিশোধের প্রক্রিয়া আরো সহজ, দ্রুত, নিরাপদ ও আধুনিক করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকসহ পাঁচটি ব্যাংকের সঙ্গে পৃথকভাবে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন নাগরিকরা কমিউনিটি ব্যাংকের সকল শাখা, উপশাখা এবং অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য নির্ধারিত সার্ভিস চার্জ সহজে ও নিরাপদে পরিশোধ করতে পারবেন।
এ উদ্যোগের ফলে নাগরিকদের বিভিন্ন রাজস্ব ও সেবা-সংক্রান্ত ফি পরিশোধে সরাসরি সিটি কর্পোরেশন কার্যালয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কমবে এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আরো সহজ, দ্রুত, নিরাপদ ও সময়সাশ্রয়ী সেবা গ্রহণের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান এবং প্রধান রাজস্ব কর্মকর্তা ও উপসচিব জোনায়েদ কবীর সোহাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন মামুন উর রহমান, হেড অব কার্ডস জাহির আহমেদ, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন রাবেয়া পারভিন, ক্যাশ ম্যানেজমেন্ট টিমের তুহিনুল ইসলাম, জেমিমা ফারহিন ও ফারজানা জিতুসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই সমঝোতার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য রাজস্ব ও সার্ভিস চার্জ পরিশোধে একটি সমন্বিত, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর পেমেন্ট ব্যবস্থা গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি নাগরিক সেবা ডিজিটালাইজেশনের ধারাবাহিকতায় এ উদ্যোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় ব্যবস্থাকে আরো কার্যকর ও আধুনিক করতে সহায়ক হবে।