শ্রমিকদের অভুক্ত রেখে উৎপাদনশীলতা বাড়বে না : সাইফুল হক

০৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্রমিকদের অভুক্ত রেখে উৎপাদনশীলতা বাড়বে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি নতুন মজুরি নির্ধারণ পর্যন্ত গার্মেন্টসসহ বেসরকারি খাতের শ্রমিক-কর্মচারীদের জন্য জরুরি ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করতে মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সকালে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় তিনি একথা বলেন। সাইফুল হক বলেন, এই দুর্মূল্যের বাজারে শ্রমিক ও শ্রমিক পরিবারের জীবন কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকেরা মারাত্মক দুর্দশায় নিপতিত হয়েছে। বিদ্যমান মজুরি দিয়ে শ্রমিক পরিবারের মাসের ১৫/২০ দিন চলাই কঠিন। তিনি দ্রুত শ্রমিকদের জন্য নতুন ন্যায্য মজুরি নির্ধারণে জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে শিল্পাঞ্চলে গ্যাস-বিদ্যুতের সরবরাহ পরিস্থিতির উন্নতি না ঘটলে নতুন নতুন কারখানা বন্ধ হবে, বেকার হবে হাজার হাজার শ্রমিক।

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফিরোজ আলী ও কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদসহ আরও অনেকে।

সভায় আগামী ১৩ নভেম্বর ২০২৬ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। এই লক্ষ্যে সভায় মীর মোফাজ্জল হোসেন মোশতাককে আহ্বায়ক, সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও ফিরোজ আলীকে সদস্য সচিব নির্বাচিত করে ২৫ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।