০৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবানে অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ জাকির হোসেন (৩০) নামে এক প্রাইভেট কার চালককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের ট্রাফিক মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। জাকির হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাসিন্দা।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে সাদা রঙের একটি টয়োটা কার শহরের ট্রাফিক মোড়ে আসলে সিগন্যাল দিয়ে থামানো হয়। এ সময় গাড়ির বিভিন্ন স্থানে তল্লাশী চালানো হয়। গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়। পরে প্রাইভেট কার ও তার চালককে আটক করা হয়।
চালক জাকির হোসেন জানান, গতকাল কুমিল্লা থেকে ৩ জন যাত্রী নিয়ে তিনি কক্সবাজার যান। সেখানে তাকে একটি হোটেলে নামিয়ে দিয়ে আরোহীদের মধ্য থেকে একজন সেই গাড়ি চালিয়ে নিয়ে যায়। তিনি জানান, আজ সকালে তিনি নিজে গাড়ি চালিয়ে কক্সবাজার থেকে বান্দরবান আসেন। গাড়ির তিন আরোহীর মধ্যে একজন কেরানির হাট পয়েন্টে এবং অন্য দুজন বান্দরবান বাস স্টেশনের পেট্রোল পাম্পে নেমে যান। পরে তাকে গাড়ি নিয়ে বান্দরবানে অপেক্ষা করতে বলেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, প্রকৃত ইয়াবা পাচারকারী জাকির হোসেন নাকি অন্য কেউ আমরা তা যাচাই করে তদন্ত করছি। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।