০৫ সেপ্টেম্বর, ২০২৬
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি। বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এদেশের মাটিতে কারো পক্ষেই ধর্মীয় বিভাজন সৃষ্টির সুযোগ নেই। দেশের সব মানুষ সম্প্রীতি বজায় রেখে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির কমিটি আয়োজিত জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপস্থিত সনাতনীদের উদ্দেশে এস এম জিলানী বলেন, আমি নির্বাচনের আগে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, নির্বাচিত হতে পারলে আমি আপনাদের সেবায় কাজ করবো। আমি পবিত্র সংসদে গিয়ে আপনাদের কথা বলব। আমি সংসদে গিয়ে আপনাদের কথা বলেছি। খুব শিগ্গিরই আমি এই কোটালীপাড়ায় একটি মডেল মন্দির নির্মাণের কাজ শুরু করব।
প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাসসহ সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
এছাড়া শোভাযাত্রায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিত মাহমুদসহ বিপুলসংখ্যক রাজনৈতিক সামাজিক ব্যক্তি উপস্থিত ছিলেন।