নরসিংদীতে মা-মেয়ের মৃত্যু, স্বামী গ্রেফতার

০৫ সেপ্টেম্বর, ২০২৬

 

পারিবারিক কলহের জেরে নরসিংদীর মাধবদীতে দুই সন্তানকে বিষ খাইয়ে উর্মি (২২) নামের এক গৃহবধূ বিষপান করেছেন বলে জানা গেছে। এতে উর্মি ও তার পাঁচ বছরের শিশুকন্যা মিমের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাদের আড়াই বছর বয়সি ছেলে আবির হোসেন।

এ ঘটনায় নিহত উর্মির মা নার্গিস বেগম মাধবদী থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নিহত উর্মির স্বামী মিলন মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানান, এর আগে গত ২ সেপ্টেম্বর দুপুর সোয়া একটার দিকে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, পারিবারিক বিষয় নিয়ে উর্মি ও তার স্বামী মিলনের মধ্যে ঝগড়া ও মনোমালিন্য হয়। একপর্যায়ে মিলন উর্মিকে জুতা দিয়ে মারধর করেন। এরই জেরে উর্মি দুই সন্তানকে নিয়ে ভাড়াবাসা থেকে বের হয়ে যান।

পরে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় গিয়ে উর্মি বিষজাতীয় তরল পদার্থ পান করেন এবং দুই শিশুকেও তা পান করান। এতে তিনজনই অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন। দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মিম ও আবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আবিরকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।  

মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তার স্বামী মিলনকে গ্রেফতার করা হয়েছে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মিলনকে আজ আদালতে পাঠানো হয়েছে।