শেওড়াপাড়ায় শিশু অপহরণের অভিযোগ

০৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগ পেয়েছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য দেন।

অপহৃত শিশুর নাম নুসরাত জাহান। তার বাবা মো. তাজেল পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

নুসরাত পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়া থাকে জানিয়ে পুলিশ বলছে, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাসার সামনে থেকে নুসরাত নিখোঁজ হয়।

খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। শিশুটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে।

পুলিশ বলছে, একটি ভিডিওতে পূর্ব শেওড়াপাড়ার হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলিতে ওই শিশুকে খেলা করতে দেখা যায়। এসময় কালো রঙের কামিজ পরা এক তরুণী তার হাত ধরে কিছুক্ষণ হাঁটার পর রিকশায় করে পূর্ব শেওড়াপাড়া থেকে তালতলার দিকে নিয়ে যান।

শিশুটিকে উদ্ধারে ভাসানটেক বস্তি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। তবে শিশুটির সন্ধান পাওয়া যায়নি।