০৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে তিন কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে র্যাব-১৫।শুক্রবার মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকার জনৈক খামিন মাঝির বসতবাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল রাত আনুমানিক ১টা ১০ মিনিটে ওই এলাকায় অভিযান চালায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে অন্ধকারে পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে এক কেজি ওজনের তিনটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটের গায়ে ‘GUANYINWANG’ লেখা ছিল।
প্যাকেটগুলো থেকে মোট তিন কেজি কথিত অ্যামফিটামিন জাতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাবের উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায়- পলাতক অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত কৌশলে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ক্রিস্টাল মেথসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক সংগ্রহ করে টেকনাফ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
উদ্ধার করা মাদকসহ অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের মতো ভয়ংকর অপরাধের বিরুদ্ধে র্যাব-১৫-এর অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।