০৫ সেপ্টেম্বর, ২০২৬
জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে যুক্ত হচ্ছে একগুচ্ছ নতুন চমক। ব্যবহারকারীদের চ্যাটিং ও যোগাযোগের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করতে এবার অ্যাপটির মন্তব্য বা কমেন্ট বিভাগে একসঙ্গে একাধিক নতুন সুবিধা (ফিচার) চালু করছে প্রতিষ্ঠানটি। নতুন এই আপডেট রোলআউট হলে এখন থেকে টিকটক ভিডিওর কমেন্ট বক্সে শুধু টেক্সট বা বার্তা লেখার পরিবর্তে সর্বোচ্চ এক মিনিট দৈর্ঘ্যের ভয়েস মেসেজ বা কণ্ঠস্বর পাঠানো যাবে।
ভিডিওর কমেন্ট বা মন্তব্য বিভাগে একসঙ্গে একাধিক নতুন সুবিধা যুক্ত করছে টিকটক। নতুন সুবিধাগুলো কাজে লাগিয়ে মন্তব্য বিভাগে বার্তা লেখার পরিবর্তে সর্বোচ্চ এক মিনিটের ভয়েস বার্তা পাঠানোর পাশাপাশি ভোট বা পোল আয়োজন করা যাবে। শুধু তা-ই নয়, চাইলে একসঙ্গে সর্বোচ্চ নয়টি ছবি যুক্ত করার সুযোগও মিলবে। বিশ্বজুড়ে ধাপে ধাপে সুবিধাগুলো চালু করা হবে বলে জানিয়েছে টিকটক।
টিকটকের তথ্যমতে, ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি কথোপকথনকে প্রাণবন্ত করতেই নতুন সুবিধাগুলো চালু করা হচ্ছে। এত দিন মন্তব্য বিভাগে মূলত বার্তা লেখার পাশাপাশি ছবি দিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানানো যেত। নতুন সুবিধাগুলো চালু হলে ব্যবহারকারীরা নিজেদের মতামত আরও ভালোভাবে প্রকাশের সুযোগ পাবেন। নতুন সুবিধার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ‘ভয়েস কমেন্ট’। সুবিধাটির মাধ্যমে মাইক্রোফোন আইকনে ট্যাপ করে সর্বোচ্চ এক মিনিটের ভয়েস বার্তা ধারণ করা যাবে। ধারণ করা বার্তাটি কমেন্ট হিসেবে পোস্ট করার পর অন্য ব্যবহারকারীরা সেটি শুনতে পারবেন। ভয়েস কমেন্টেও টিকটকের কমিউনিটি গাইডলাইন কার্যকর থাকবে। নীতিমালা লঙ্ঘন করে এমন বক্তব্য শনাক্ত করতে স্বয়ংক্রিয় প্রযুক্তির পাশাপাশি কর্মীদেরও সহায়তা নেওয়া হবে।
কমেন্টে ভোট বা পোল তৈরির সুবিধাও সবার জন্য চালু করা হবে। সুবিধাটি কাজে লাগিয়ে সহজেই নিজের তৈরি ভিডিও সম্পর্কে দর্শকদের মতামত নেওয়া যাবে। প্রতিটি পোলে সর্বোচ্চ পাঁচটি বিকল্প রাখা যাবে। ভোটের ফলাফল কমেন্ট বিভাগেই দেখা যাবে।
কমেন্টে একাধিক ছবি যুক্তের বিষয়ে টিকটক জানিয়েছে, আগে একটি কমেন্টে একটি ছবি যুক্ত করা গেলেও নতুন সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ নয়টি ছবি একসঙ্গে পোস্ট করা যাবে। ফলে কোনো ঘটনা, ভ্রমণ বা বিশেষ মুহূর্তের একাধিক ছবিতে আলাদা আলাদা কমেন্ট না করে একসঙ্গে শেয়ার করা যাবে। লাইভ ছবি কমেন্টে পোস্ট করার সুবিধাও বিশ্বজুড়ে চালু করা হচ্ছে।
সূত্র: টেকক্রাঞ্চ