মুন্সীগঞ্জে ১০ হাজার রিল মনোফিলামেন্ট সুতা জব্দ

০৭ সেপ্টেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জের সদরে একটি কারেন্ট জাল উৎপাদন কারখানা অভিযান চালিয়ে মনোফিলামেন্ট সুতাসহ আনুমানিক ১০ হাজার রিল জব্দ করেছে মৎস্য বিভাগ। রবিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারিয়া এলাকায় বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

পরে জব্দ করা মনোফিলামেন্ট সুতা রিলগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে মুক্তারপুর নৌ পুলিশ সদস্যরা। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের ইনচার্জ মো. আব্দুল মাবুদসহ নৌপুলিশের সদস্য এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীরা অংশ নেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে অবৈধ কারেন্ট জালের উৎপাদন ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।