অবৈধ মজুতের ৫৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

০৭ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে এক ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে মজুত রাখা ৫৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। এ ঘটনায় বৈধ লাইসেন্স ছাড়া সার মজুত ও বিক্রির দায়ে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাঠানপাড়া বাজারে অভিযান চালিয়ে এসব সার জব্দ ও জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাঠানপাড়া বাজারের মেসার্স নুর ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী ও খুচরা সার বিক্রেতা মো. আবু হাসান বৈধ লাইসেন্স ছাড়াই সার মজুত করে বিক্রি করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি।

অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী আবু হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকির মুন্সি বলেন, ‘বৈধ লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে সার মজুত রাখার দায়ে দোকানটি থেকে মোট ৫৭ বস্তা সার জব্দ করা হয়েছে। এর মধ্যে ৪৯ বস্তা এমওপি, ৫ বস্তা টিএসপি ও ৩ বস্তা ডিএপি সার রয়েছে। পরে স্থানীয় কৃষকদের মধ্যে এসব সার সরকারি নির্ধারিত দামে বিক্রি করে দেওয়া হয়েছে।’

অভিযান পরিচালনার সময় উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং কৃষি খাতে শৃঙ্খলা বজায় রাখতে অবৈধভাবে সার মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।