নৌবহরে নিহত টয়ের পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস ডিসির

০৭ সেপ্টেম্বর, ২০২৬

কান্তজিউর নৌবহরে দুর্ঘটনায় নিহত স্বাক্ষর কুন্ডু টয়ের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক ও রাজদেবোত্তর স্টেটের সভাপতি মো. রফিকুল ইসলাম।

 

রবিবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে টয়ের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক। এ সময় তিনি তাদের সান্ত্বনা দেন এবং পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, টয়ের স্ত্রীর জন্য উপযুক্ত একটি চাকরির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পরিবারটিকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর নৌবহরে দুর্ঘটনার শিকার হয়ে স্বাক্ষর কুন্ডু টয় মারা যান। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় শোকাহত পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ১২ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে টয়ের কন্যার ভবিষ্যৎ শিক্ষা ও জীবনযাপনের জন্য আর্থিক সহায়তা, তার স্ত্রীর স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা এবং নৌবহর পরিচালনাকারী কমিটির অব্যবস্থাপনা ও দায়িত্বে গাফিলতির বিষয়ে নিরপেক্ষ তদন্ত।

দাবিতে দায় প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, কমিটির আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে অনুসন্ধান এবং ভবিষ্যতে নৌবহর আয়োজনে জেলা প্রশাসনের বিশেষ নজরদারি ও তদারকির কথাও বলা হয়েছে।

এ ছাড়া ফিটনেসবিহীন ও অনিরাপদ নৌযান ব্যবহার বন্ধ এবং পর্যাপ্ত মানসম্মত লাইফ জ্যাকেট ও উদ্ধারসামগ্রী নিশ্চিত করার দাবি জানিয়েছেন টয়ের স্বজনরা।