মেসি-রোনালদো নন, জন আব্রাহামের প্রিয় এই দুই অচেনা ফুটবলার

০৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রিয় ফুটবলার কে— প্রশ্নের উত্তরে তারকা থেকে সাধারণের মুখে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম-ই বেশি শোনা যায়। তবে ব্যতিক্রম বলিউড তারকা জন আব্রাহাম। তার প্রিয় ফুটবলারের তালিকায় রয়েছে দুজন অচেনা খেলোয়াড়।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে জনের প্রিয় দুই ফুটবলারের একজন পার্থিব গগৈ। অন্যজন রিডিম লাং। যাঁরা কি না ভারতের হয়ে একটার বেশি ম্যাচও খেলেননি। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় প্রিয় ফুটবলারের নাম জানান জন।

তিনি বলেন, “আমার দুজন পছন্দের ফুটবলার আছে। একজন আসামের পার্থিব গগৈ। আরেকজন হলো রিডিম লাং। আর আমার দলের গোলকিপার গুরমীত আছেন। আর যদি বিদেশি ফুটবলারদের কথা বলতেই হয়, তাহলে বলব আলাদিন আজারেইয়ের কথা। ও আমাদের দলের হয়ে অনেক রেকর্ড ভেঙেছে।”

এরপর বলেন, “আপনারা হয়তো ভেবেছিলেন, কোনো বিদেশি ফুটবলারের কথা বলব। কিন্তু সেটা আমি বলব না। আমি ভারতীয়, আমি ভারতীয় ফুটবলারদের কথাই বলব। বিদেশি ফুটবল আমি সেভাবে বুঝি না। ভারতীয় ফুটবল নিয়েই বেশি জানি। নিজের ফুটবলারদের ভালোবাসি। দেশকে ভালোবাসি। আমি জানি, আমার দলের প্লেয়াররা কীরকম খেলে। সেটাই আমার কাছে আসল।”

আগামী ১০ সেপ্টেম্বর ভারতে শুরু হতে যাচ্ছে ফুটবল প্রিমিয়ার লীগ আইএসএল। এতে অংশ নেবে জনের চল নর্থইস্ট ইউনাইটেড। পার্থিব, গুরমীত দুজনেই তার দলের গুরুত্বপূর্ণ সদস্য।