০৭ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজহারুল ইসলাম (৫১) নামে আরও এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ছিলেন।
রবিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষীদের মাধ্যমে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আজহারুল ইসলাম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মধ্যপাড়া এলাকার সায়েম উদ্দিনের ছেলে। তিনি পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে একই দিন সকালে পৃথক সময়ে আরও তিন কারাবন্দীর মৃত্যু হয়। তাদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।