আমিরাতে আশ্রয় নিলেন আশরাফ গনি

১৮ আগস্ট, ২০২১

সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এখন সংযুক্ত আরব আমিরাত আছেন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বুধবার এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএনের কাছে পাঠানো এক বিবৃতিতে আমিরাতের বৈদেশিক বিষয় এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় বলেছে, মানবিক দিক বিবেচনায় আশরাফ গনি ও তার পরিবারকে স্বাগত জানিয়েছে আমিরাত।গত রোববার তালেবান কাবুলের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পরিস্থিতিতে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রেসিডেন্ট গনি।

এর আগে প্রথমে তার তাজিকিস্তান যাওয়ার কথা শোনা গেলেও পরে শোনা যায় তিনি ওমান গেছেন। সেখান থেকে আমেরিকা চলে যাওয়ার সম্ভাবনার খবরও দিয়েছিল কিছু গণমাধ্যম। আজ শোনা গেল তিনি আরব আমিরাতে আছেন।