২৬ আগস্ট, ২০২১
ঢাকাই সিনেমার জনপ্রিয় নয়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন আবেদনের শুনানি হবে আজ বৃহস্পতিবার দুপুরে।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হবে। পরীমণির আইনজীবী মুজিবুর রহমান এ তথ্য জানান।
আদালতে পরীমণির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু এহিয়া দুলাল।
এর আগে গতকাল (বুধবার) চিত্রনায়িকা পরীমণি নিম্ন আদালতের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনে জামিনও চান তিনি। আবেদনটি দায়ের করেন পরীমণির আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান।
গেল ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীর জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরে এ আদেশের বৈধতা নিয়ে বুধবার আবেদন করা হয়। এতে বিলম্বে জামিন আবেদন শুনানি দিন রাখার যৌক্তিকতা নিয়ে বলার পাশাপাশি পরীমণির জামিনের আরজিও ছিল।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।