তৃতীয় ধাপে ইউপি ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

১৪ অক্টোবর, ২০২১

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে ১ হাজার ৭টি ইউপি। এছাড়া এদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ পৌরসভারও।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর এবং ভোট ২৮ নভেম্বর।

এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

প্রসঙ্গত, প্রথম ধাপে গত ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপির ভোট হবে ১১ নভেম্বর। তৃতীয় ধাপে সহস্রাধিক ইউপির ভোট হবে।