ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধ করুন: প্রধানমন্ত্রী

২০ অক্টোবর, ২০২১

বাংলাদেশকে একটি অসম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এদেশে ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে।

মঙ্গলবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এদেশে সব মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে। আমাদের সংবিধানেও তা বলা আছে। ইসলামেও সে কথাই বলা হয়েছে। মহানবী (স.) বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। সুতরাং আমরা চাই ধর্ম নিয়ে যেন কেউ বাড়াবাড়ি না করে। এ দেশে সবাই শান্তিতে বসবাস করবে।

তিনি বলেন, আমার ছোট ভাই রাসেলের মতো আর কোন শিশু যেন হত্যার শিকার না হয়, সেজন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

জনগণের মৌলিক অধিকারগুলো পূরণের পাশাপাশি গৃহহীণকে ঘর করে দেয়া সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই দেশে একটি শিশুর মেধা ও জ্ঞান যাতে যথাযথভাবে বিকশিত হবার সুযোগ পায় এবং সে বাংলাদেশকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ এত রক্ত ক্ষয় এত কিছু বাংলাদেশে ঘটে গেছে। কাজেই এ ধরণের ঘটনা যেন আর যেন না ঘটে।