বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি হচ্ছে ১৩০ ভাষায় গান

২৩ অক্টোবর, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা হয়েছে অনেক বই ও গান। তবে এবার বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবকে নিয়ে লেখা হয়েছে অভিন্ন কথা ও সুরের একটি গান। ১৩০ ভাষায় তৈরি হচ্ছে গানটি।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে নিয়ে গানটি লিখেছেন তৌহিদুল ইসলাম এবং সুর করেছেন রিছিল জাদু ও সৈয়দ সুজন। গানটি আলাদাভাবে গাইবেন বিভিন্ন দেশের ১৩০ আন্তর্জাতিক মানের সংগীতশিল্পী। একই সঙ্গে তাদের নিয়ে আলাদাভাবে গানটির ভিডিও তৈরি হবে। 

এরই মাঝে দক্ষিণ এশিয়ার ৬টি দেশের শিল্পীর ভয়েস রেকর্ড করা হয়েছে। এ গানের জন্য বিশ্বখ্যাত মিউজিশিয়ান ইয়ানির যন্ত্রশিল্পী পেড্রো ইউস্টাচে, অনুষ্কা শংকর, টু সেলোস, আরিক ইমপ্রোটা, ভায়োলিন ব্রাদার্সের মতো শীর্ষ বাদকদের সঙ্গে যোগাযোগ চলছে। তারাসহ বিশ্বের আরও প্রতিষ্ঠিত ও সুপরিচিত যন্ত্রশিল্পীরাও এতে অংশ নেবেন বলে জানা গেছে।
গানটির সংগীত পরিচালক সৈয়দ সুজন এসব তথ্য নিশ্চিত করেছেন। ২০২২ সালের মাঝামাঝি সময়ে বিশ্বব্যাপী গানটির ১৩০টি ভার্সন প্রকাশ হবে একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে।