মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪২

০৫ নভেম্বর, ২০২১

রাজধানী ঢাকার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মাদকসহ ১৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০৭টি মামলা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫৯২ গ্রাম ৫২০ পুরিয়া হেরোইন, ১৯ হাজার ২৪ পিস ইয়াবা, ২২ কেজি ৮৩৫ গ্রাম ৪৫ পুরিয়া গাঁজা ও ৩৮টি ইনজেকশন জব্দ করা হয়।