বিকালে বাসায় ফিরবেন খালেদা জিয়া

০৭ নভেম্বর, ২০২১

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিকেলে তার গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন।

চেয়ারপারসনের মিডিয়া উইং ককর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া আজ দুপুরের পর তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফিরবেন।

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ২৫ অক্টোবর খালেদা জিয়ার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর তার বায়োপসি পরীক্ষা করা হয়। এ বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য তা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয়।

খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যেই গত এপ্রিল মাসে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন। বাসায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সেরে উঠলেও শারীরিক জটিলতা দেখা দেয়ায় গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে নেয়া হয়। গত ১৯ জুন তিনি বাসায় ফেরেন। এর মধ্যে করোনার টিকা নিতে খালেদা জিয়া দুই দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান।