০৮ নভেম্বর, ২০২১
২০০৭ সালে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘নয় নম্বর বিপদ সংকেত’ ছবিতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। এরপর ছোট পর্দায় দেখা গেলেও বড় পর্দায় আর দেখা মেলেনি তার।
দীর্ঘ ১৪ বছর পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর। ছবির নাম ‘চাঁদের অমাবস্যা’। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটি পরিচালনা করবেন জাহিদুর রহিম অঞ্জন। সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস ‘চাঁদের অমাবস্যা’ অবলম্বনে তৈরি হয়েছে এর চিত্রনাট্য। ছবিতে অভিনয়ের জন্য অনেকের সাথে কথা বলছেন পরিচালক।
এখন পর্যন্ত আসাদুজ্জামান নূর, ইরেশ যাকের ও দীপান্বিতা মার্টিনের সাথে কথা চূড়ান্ত করেছেন অঞ্জন। অভিনয় ও শুটিং শিডিউল নিয়েও প্রাথমিক আলাপ হয়েছে বলে জানান তিনি।