১০ নভেম্বর, ২০২১
নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১০ নবেম্বর) ক্যাম্পাসে যৌথভাবে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ।
সকাল সাড়ে ১০টায় ব্যবসায় প্রশাসনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে মিলিত হয়। হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিনের নেতৃত্বে র্যালিতে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। আয়োজকরা জানান, প্রথমবারের মতো দেশের আটটি বিশ্ববিদ্যালয়ে একযোগে দিবসটি পালিত হচ্ছে। হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা তুলে ধরার জন্যই দিবসটি পালিত হয়ে থাকে।
এ সময় বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির কার্যনির্বাহী সদস্য ও বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. জাকির হোসেন র্যালিতে অংশ নেন।পরে দুপুর ১২টায় বাংলাদেশ হিসাব বিজ্ঞান সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের যৌথ আয়োজনে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে ইবির শিক্ষকরাও অংশ নেন।
উল্লেখ্য, প্রতিবছর ১০ নবেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে প্রথমবার দিবসটি পালন করা হয়। এবছর দেশের আটটি সরকারী বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালিত হচ্ছে। পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ জোগাতে ও তরুণদের এ পেশায় আগ্রহী করে তুলতে দিবসটি বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে।