হাফ ভাড়া কার্যকরের দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮ নভেম্বর, ২০২১

 

গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে ঢাকা কলেজ মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর কলেজ প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে দাবি আদায়ের নিশ্চয়তা দিলে রাস্তা থেকে ফিরে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রথমে কলেজের মূল ফটকের সামনের সড়কে অবস্থান ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ডিজেলের মূল্যবৃদ্ধির পর থেকে বাস মালিক সমিতি এবং বাস শ্রমিকদের দুর্ব্যবহার লক্ষ্য করা যায়। হাফ ভাড়া নেয়ার পরিবর্তে তাদের সাথে অশোভন আচরণে অতিষ্ঠ সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও গাড়ি থেকে লাঞ্ছিত করে বের করে দেয়ার মতো ঘটনাও পরিলক্ষিত হচ্ছে।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ‘শিক্ষকরা আমাদের আশ্বস্ত করেছেন, তারা মালিক সমিতির সাথে বসে দ্রুত আমাদের হাফ ভাড়া নিশ্চিত করবেন।’

তবে যদি আগামীকালের মধ্যে দাবি আদায় না হলে আমরা শনিবার থেকে রাস্তায় অবস্থান করব এবং প্রয়োজনে কঠোর আন্দোলনে যাব। আমরা আমাদের দাবি আদায় করেই নিবো।

পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা কলেজের মূল ফটকে অবস্থান করে এবং পরবর্তীতে মিরপুর-নিউমার্কেট রোডে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় কয়েকটি বাস আটকে রাখা হয়। পরবর্তীতে কলেজ প্রশাসন এবং নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) স ম কাইয়ুমের আশ্বাসে শনিবার সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়ে বাসের চাবি ফিরিয়ে দিয়ে রাস্তা থেকে সরে যায় শিক্ষার্থীরা।