৩০ নভেম্বর, ২০২১
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বেসরকারি বাসে অর্ধেক ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিক সমিতি। বাস মালিকরা আজ বিকালে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত ঘোষণা দিবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে সাংবাদিকদের এই তথ্য জানান ওবায়দুল কাদের।
বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ইতিমধ্যে সরকারি বিআরটিসি বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়া হবে বলে ঘোষণা এসেছে। তবে বেসরকারি বাসের ভাড়া অর্ধেক নেওয়ার ঘোষণা না আসায় আন্দোলন চালিয়ে যাচ্ছিল শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ পাস বাস্তবায়নে পরিবহন নেতাদের সঙ্গে দুইবার বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই এসব বৈঠক শেষ হয়েছে। বৈঠকে উল্টো ভর্তুকি দাবি করেন বাসমালিকরা।
তবে মালিক সমিতি গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার তারা হাফ পাসের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।