০৩ ডিসেম্বর, ২০২১
চতুর্থ ধাপে ৮৪০ টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এইচএসসি পরীক্ষা থাকায় ভোটের তারিখ পেছানো হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়।
ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন অফিসার/ জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা/থানা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।
তবে মনোনয়নপত্র দাখিল, বাছাই, বাছাইয়ের বিরুদ্ধে আপিল, আপিল গ্রহণ, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের তারিখ অপরিবর্তিত থাকবে।
এরইমধ্যে তিন ধাপের ইউপি ভোট সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে ৩৬৯টি এবং দ্বিতীয় ধাপে ৮৩৩টি ও তৃতীয় ধাপে ১০০৩ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ২৬ ডিসেম্বর ও পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ভোটগ্রহণ হবে।