মাংসে চর্বি বেশি; কসাইকে কোপালো ক্রেতা

১২ ডিসেম্বর, ২০২১

লালমনিরহাটের আদিতমারীতে মাংসের সঙ্গে চর্বি দেওয়ায় কসাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী বাজারে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম মো. হযরত আলী (৪৪)। তিনি হযরত সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাংস কিনতে বাজারে আসেন হযরত আলী। কসাই শহিদুল মাংসের সঙ্গে চর্বি দিলে ক্ষেপে যান তিনি। কথা কাটাকাটির একপর্যায়ে দোকানে থাকা চাপাতি দিয়ে শহিদুলকে কোপান তিনি। স্থানীয়রা কসাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। কিন্তু আহতের পরিবার এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’