রমনা কালীমন্দিরের সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি

১৭ ডিসেম্বর, ২০২১

ভারত সরকারের অর্থায়নে সংস্কার হওয়া রাজধানীর রমনা কালীমন্দিরের সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে সম্প্রসারিত ভবনটি উদ্বোধন করেন তিনি।

সকাল সাড়ে ১০টার দিকে তিনি স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দকে সঙ্গে নিয়ে রমনা কালীমন্দিরে আসেন। এ সময় মন্দির প্রাঙ্গণে তাদের অভ্যর্থনা জানান, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ভবন উদ্বোধন শেষে কালীমন্দিরে প্রার্থনা করেন রামনাথ কোবিন্দ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী ও কন্যাকে নিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার বাংলাদেশে আসেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সফরের শুরুতে সকালে রামনাথ কোবিন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

পরে রামনাথ কোবিন্দ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেন। সেখানে দুই দেশের মধ্যকার কানেকটিভিটি ও বাণিজ্য, করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

পরের দিন বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন ভারতের রাষ্ট্রপতি। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন তিনি।  রাষ্ট্রীয় সফর শেষ করে শুক্রবার দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন কোবিন্দ।