০২ জানুয়ারী, ২০২২
গত এক সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অসংক্রামক রোগ প্রতিরোধ) অধ্যাপক রোবেদ আমিন।
আজ রোববার (২জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, দেশে করোনা সংক্রমণের হার গত ২০ ডিসেম্বর থেকে বাড়তে শুরু করে। ২৭ ডিসেম্বর থেকে সংক্রমণ ২ শতাংশ পার হয়ে যায়। দীর্ঘ সময় ধরে এ হার দুইয়ের নিচে বা কখনো একের নিচেও চলে গেছে।
সরকারি উপাত্ত তুলে ধরে তিনি বলেন, নভেম্বরে দেশে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৪৫ আর ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২৫৫। করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।