০৫ ফেব্রুয়ারি, ২০২২
লঘুচাপের প্রভাবে শুক্রবার দেশের একাধিক স্থানে বৃষ্টি হয়েছে। শনিবার বিকেলের পর থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে।রবিবার (আগামীকাল) থেকে মূলত আকাশ মেঘমুক্ত হবে। এরপর তাপমাত্রাও কমবে ২ থেকে ৩ ডিগ্রি। কয়েকটি জেলায় তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কাছাকাছি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ হালকাথেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
ভোর রাতের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনায় ৪৫ মিলিমিটার। রাজধানীতে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।সর্বোচ্চ রাঙ্গামাটিতে ৩০ ডিগ্রি সেলসিয়াস।