১২ ফেব্রুয়ারি, ২০২২
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিশিষ্ট নাগরিকের সঙ্গে প্রথম ধাপের বৈঠকে বসেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। এ সভায় ২০ জনকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত হয়েছেন ১৪ জন।
শনিবার বেলা সোয়া ১১টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে প্রথম মিটিং শুরু হয়।
বৈঠকে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন আইনজীবী এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আইনজীবী এম কে রহমান, আইনজীবী ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষা) ড. মাকসুদ কামাল, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের প্রেসিডেন্ট মুনিরা খান।
‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।