২৩ ফেব্রুয়ারি, ২০২২
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জবাইয়ের পর মাটি চাপা দেয়া অবস্থায় রুহুল সর্দার (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের স’মিলের পেছনে একটি বেগুনের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রুহুল চরসাদিপুর গ্রামের মুন্তাজ আলীর ছেলে। পুলিশের দাবি নিহত রুহুল পলাতক আসামী ছিল। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ধর্ষণ-অস্ত্রসহ ৪টি মামলা রয়েছে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রুহুল গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়ি ফিরে আসেননি। গত দুই দিন নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে বেগুনের ক্ষেতে মালিক ক্ষেতে বেগুন তুলতে গিয়ে ক্ষেতের মাটি খোঁড়া দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়দের খবর দেয়। পরে গ্রামের লোকজন জমিতে মাটি চাপা একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করলে স্থানীয়রা রুহুলের বলে শনাক্ত করে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে পুলিশ।
দৌলতপুর থানার (ওসি) এস এম জাবীদ হাসান জানান, রুহুলকে অন্য কোথাও হত্যা করে ওই বেগুন ক্ষেতে পুতে রাখা হয়। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। নিহত রুহুল পলাতক আসামী ছিল। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ধর্ষণ-অস্ত্রসহ ৪টি মামলা রয়েছে।