২৫ ফেব্রুয়ারি, ২০২২
বিস্ফোরণ আর সাইরেনের শব্দে চোখেমুখে আতঙ্ক নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে ইউক্রেনবাসী। ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবারের সকালটা অন্য দিনের মতো ছিল না। প্রাণভয়ে অনেকেই নিরাপদ আশ্রয়ের পেছনে ছুটেছেন, কেউ–বা পালিয়েছেন দেশ ছেড়ে।
বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে শহরের মেট্রোস্টেশন এবং আশ্রয়শিবিরে ছুটেছেন কেউ কেউ। আর বাকিরা পালানোর চেষ্টা করেছেন। দেশ ছেড়ে যাওয়ার জন্য মরিয়া মানুষের কারণে পোল্যান্ড সীমান্তগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাশিয়ার হামলার পর কিয়েভের সড়কে দুই ধরনের দৃশ্য দেখা গেছে।
আকস্মিক এ হামলায় অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। এর মধ্যে অনেককেই স্বাভাবিকভাবে কাজে যেতে দেখা গেছে। তাঁরা স্বাভাবিকভাবে অফিসগামী বাসে চড়ে বসেছেন। তবে অন্যদের মধ্যে ব্যস্ততার চিত্র চোখে পড়েছে। এ ছাড়া অনেকেই তাড়াহুড়া করে আশ্রয়ের খোঁজে মেট্রোস্টেশন এবং আশ্রয়শিবিরে ছুটেছেন। পরিস্থিতির অবনতির আশঙ্কায় ব্যাংক, সুপারমার্কেট এবং পেট্রলপাম্পগুলোতে মানুষের দীর্ঘ সারি দেখা যায়।