আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : মির্জা ফখরুল

২৮ ফেব্রুয়ারি, ২০২২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন যেই হোক (যতই নির্বাচন কমিশন গঠন করুক) , আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। গণতন্ত্রের জন্যই দেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়। এখনো সময় আছে চাল ডাল তেলের দাম কমাও, গ্যাস বিদ্যু পানির দাম কমাও এবং জনগণের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্থান্তর করে পদতাগ করুন।

মির্জা ফখরুল বলেন, সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। নির্বাচনের আগে বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, কিন্তু এখন ৬০ টাকার নিচে চাল নেই। সয়াবিন ২০০ টাকা কেজি। মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। বিএনপির ৬০০ নেতাকর্মীকে সরকার গুম করেছে। হাজারো মানুষ হত্যা করেছে। ৩৫ লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে, এরজন্য জবাব দিতে হবে।

 

ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় সড়কের জেলা বিএনপি কার্যালয়ের সামনে আজ  সোমবার দুপুরে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম,বিএনপি দলীয় সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার ও বিএনপি নেতা ডাঃ মাহবুবুর রহমান লিটন ও জাকির হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশে নান্দাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর নির্দেশে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা সমাবেশে অংশ গ্রহন করেন।